সরকারকে গণভোটের রায় মেনে নেওয়ার আহবান জামায়াতের
সরকারকে দ্রুত গণভোটের রায় মেনে নেওয়ার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তা নাহলে জনগণ সরকারকে মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিসব উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মুজিবুর রহমান বলেন, এতোদিন ভুল ইতিহাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে, আগামীতে জনকল্যাণমুখী সত্য ইতিহাস রচনা করতে হবে।
সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে দেশ ভিন্ন দিকে মোড় নিতে পারে বলেও মন্তব্য করেন মুজিবুর। বলেন, দেশে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে।
আলোচনা সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ বলেন, যাদের ত্যাগের বিনিময় এই বাংলা ভাষা, তাদের সঠিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। যতোটুকু স্বীকৃতি দেওয়া হয়েছে, তা সংকীর্ণতা নিয়ে। আজও ভাষা শহীদের তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাজনৈতিক বিবেচনায় অনেক ভাষা শহীদকে স্বীকৃতি দেওয়া হয়নি ও ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
জুলাই সনদকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত করা যাবেনা মন্তব্য করে তিনি বলেন, জুলাই চেতনা বাদ দিলে দেশে আবার স্বৈরাচার ফিরে আসবে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি আবারও স্বৈরাচার ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে।






